নবজাতক মেয়ে শিশুর যৌনাঙ্গের যত্ন নেওয়ার বিষয়ে অনেক মা-বাবা দ্বিধায় পড়েন। কীভাবে পরিষ্কার করবো? কী করা ঠিক নয়? এই আর্টিকেলে সহজভাবে এসব প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়া হলো।
নবজাতক মেয়েদের যৌনাঙ্গের যত্ন কেন গুরুত্বপূর্ণ?
আমাদের অনেকেরই ধারনা যে কেবল প্রাপ্তবয়স্ক নারীদের জন্যই যৌনাঙ্গের যত্ন করা গুরুত্বপূর্ণ। তবে শিশু বিশেষজ্ঞদের মতে, নবজাতক মেয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জন্মের প্রথমদিন থেকেই এই যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজার বিষয় হলো যৌনাঙ্গের যত্ন নেওয়া মোটেও কঠিন কিছু না। এই যত্নের মূল লক্ষ্য হলো জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখা।
তবে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ডায়াপার র্যাশ (diaper rash) বা মূত্রনালীর সংক্রমণ (UTI) এড়াতে নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। আবার অতিরিক্ত পরিষ্কার করাও এড়িয়ে চলতে হবে, যাতে শিশুর কোমল ও সংবেদনশীল ত্বকে কোনো জ্বালাপোড়া না হয়।
নবজাতক মেয়েদের যৌনাঙ্গের স্বাভাবিক কিছু বিষয়
প্রথমবার আপনার কন্যাসন্তানের ডায়পার পরিবর্তনের সময় তার যৌনাঙ্গ আপনার ধারণার চেয়ে একটু আলাদা দেখতে হতে পারে। এতে একদমই আতঙ্কিত হবেন না। গর্ভাবস্থায় মায়ের কাছ থেকে পাওয়া হরমোনের প্রভাবে জন্মের পর প্রথম কয়েক সপ্তাহে নিচের পরিবর্তনগুলো দেখা যাওয়া খুবই স্বাভাবিক:
ফোলাভাব এবং লালচে হওয়া (Swelling and Redness): নবজাতক মেয়েশিশুর ল্যাবিয়া (যৌনাঙ্গের বাইরের ঠোঁটের মতো অংশ) জন্মের পর কিছুটা ফোলা, পুরু বা লালচে দেখাতে পারে। একইভাবে নবজাতক ছেলে ও মেয়ে— উভয় শিশুরই জন্মের পর স্তন কিছুটা ফুলে যেতে পারে এবং কখনও স্তনের চারপাশে সামান্য শক্ত অনুভূত হতে পারে।
এই পরিবর্তনগুলো মূলত গর্ভাবস্থায় মায়ের শরীরের ইস্ট্রোজেন (Estrogen) হরমোনের প্রভাবে হয়ে থাকে। গর্ভকালীন সময়ে মায়ের হরমোন প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে পৌঁছায় এবং জন্মের পরও কিছুদিন এর প্রভাব থাকে। জন্মের পর ধীরে ধীরে শিশুর শরীরে এই হরমোনের মাত্রা কমে গেলে ল্যাবিয়া ও স্তনের এই ফোলাভাব সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই কমে যায়। স্তনের ফোলা অংশ কোনভাবেই চাপ দেবেন না বা ম্যাসাজ করবেন না—এতে সংক্রমণ হতে পারে।
যোনিপথের স্রাব (Vaginal Discharge): আপনি হয়তো আপনার শিশুর ডায়পারে ঘন, সাদা বা স্বচ্ছ আঠালো ধরনের তরল দেখতে পাবেন। এটি তাদের শরীরে মায়ের হরমোনের প্রভাব ধীরে ধীরে কমে যাওয়ার একটি স্বাভাবিক ও সুস্থ প্রতিক্রিয়া। এর জন্য কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না।
সাময়িক মাসিক (Mini-Menstruation বা False Menses): নতুন বাবা-মায়ের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হতে পারে নবজাতক মেয়ের ডায়পারে সামান্য রক্ত দেখা। একে “ফলস মেনসেস” বা “সাময়িক মাসিক” বলা হয়। গর্ভাবস্থায় মায়ের হরমোনের প্রভাবে থাকার পর জন্মের পর সেই হরমোনের মাত্রা হঠাৎ কমে যাওয়ায় এমনটি হতে পারে। সাধারণত এটি অল্প পরিমাণে হয় এবং কয়েক দিনের মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তবে দুই সপ্তাহের বেশি রক্তপাত চললে বা পরিমাণ বেশি মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
স্মেগমা (Smegma): ল্যাবিয়ার ভাঁজে সাদা, নরম বা পনিরের মতো পদার্থ জমতে পারে। একে স্মেগমা বলা হয়। এটি মৃত চামড়ার কোষ ও শরীরের প্রাকৃতিক তেলের স্বাভাবিক মিশ্রণ, যা ত্বককে সুরক্ষিত রাখে। এটি জোর করে বা ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন না। স্বাভাবিক গোসলেই এটি ধীরে ধীরে চলে যায়।
ডায়াপার বদলানোর সময় যত্ন
কত ঘন ঘন ডায়াপার বদলাবেন?
নবজাতকের ডায়াপার প্রতি ২–৩ ঘণ্টা পর পর বদলানো উচিত, অথবা মল হওয়ার সাথে সাথেই বদলাতে হবে। ভেজা বা মলযুক্ত ডায়াপারে বেশিক্ষণ রাখলে র্যাশ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে।
ডায়পার পরিবর্তনের সময় সঠিক ও কোমল নিয়মে পরিষ্কার করা আপনার শিশুর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। তাই শিশু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিচে সহজ ও নিরাপদ ধাপগুলো তুলে দেওয়া হলো:
ধাপ ১ – প্রস্তুতি
- শিশুকে স্পর্শ করার এবং পরিষ্কার করা শুরু করার আগেই আপনার নিজের হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন।
- পরিষ্কার করা শুরু করার আগে প্রয়োজনীয় সবজিনিস (কুসুম গরম পানি, নরম সুতির কাপড় বা বেবি ওয়াইপস) হাতের কাছে গুছিয়ে রাখুন, যাতে শিশুকে একা রেখে উঠে যেতে না হয়।
ধাপ ২ – শুধু প্রস্রাব হলে
ডায়াপার খুলে কুসুম গরম পানিতে ভেজা নরম কাপড় বা ওয়াইপ দিয়ে যৌনাঙ্গের বাইরের অংশ সামনে থেকে পেছনে আলতোভাবে মুছুন। ভেজা ডায়পার বেশি সময় পড়ে থাকলে ত্বকে প্রস্রাব লেগে জ্বালাপোড়া হতে পারে। তাই ডায়পার পরিবর্তন করে মুছে শুকিয়ে নেওয়া জরুরি।
ধাপ ৩ – মল পরিষ্কার করা
- প্রথমে ডায়পারের পরিষ্কার অংশ বা ভেজা কাপড় দিয়ে যতটা সম্ভব মল মুছে ফেলুন।
- এরপর কুসুম গরম পানি ও নরম সুতির কাপড় দিয়ে পুরো অংশ ভালভাবে পরিষ্কার করুন। কয়েক সপ্তাহ পর থেকে প্রয়োজনে বেবি ওয়াইপও ব্যবহার করতে পারেন।
- ভেজা নরম কাপড় দিয়ে যৌনাঙ্গের বাইরের ঠোঁটের মতো অংশগুলো আলতোভাবে মুছে নিন।
- কখনোই ঘষে পরিষ্কার করবেন না।
- অনেকে শিশুকে কোলে নিয়ে কুসুম গরম পানি ঢেলে পরিষ্কার করেন। সেক্ষেত্রেও একই পরিষ্কারে নিয়ম মেনে চলবেন।
ধাপ ৩ – সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মঃ সামনে থেকে পেছনে মোছা
প্রস্রাব বা মল — যাই হোক না কেন, সবসময় সামনে (যোনির অংশ) থেকে পেছনের দিকে (মলদ্বার) মুছবেন। এতে মলদ্বারের ক্ষতিকর জীবাণু যোনি বা মূত্রনালিতে যাওয়ার ঝুঁকি কমে এবং মূত্রনালির সংক্রমণ (UTI) প্রতিরোধে সাহায্য করে।
| মনে রাখবেন: যৌনাঙ্গ পরিষ্কার করার মূল নিয়ম হলো— উপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে এবং সবসময় সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করা। |
ধাপ ৪ – যৌনাঙ্গের ভাঁজে মল ঢুকলে
কখনও কখনও ডায়পারে বেশি মল হলে তা যৌনাঙ্গের ভাঁজের ঢুকে যেতে পারে। এমন হলে—
- পা দুটি আলতো করে ওপরে তুলে নোংরা ডায়পারটি সরান।
- আপনার পরিষ্কার আঙুল দিয়ে ল্যাবিয়া হালকাভাবে আলাদা করুন।
- ভেজা কাপড় বা ওয়াইপ দিয়ে মাঝখান থেকে শুরু করে সামনে থেকে পেছনের দিকে আলতো করে মুছুন। তবে একদম ভেতরে পরিষ্কার করার জন্য জোর করে ল্যাবিয়া খোলার চেষ্টা করবেন না।
- প্রতিটি পাশ পরিষ্কার করার জন্য নতুন কাপড় বা ওয়াইপ ব্যবহার করুন, যাতে জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় না ছড়ায়।
ধাপ ৫ – ভেতরের অংশ পরিষ্কার করার প্রয়োজন নেই
- শুধু চোখে দেখা যায় এমন বাইরের অংশ ও ভাঁজগুলোই পরিষ্কার করবেন।
- যোনির ভেতরের অংশ প্রাকৃতিকভাবেই নিজেকে পরিষ্কার রাখে। সেখানে পানি বা সাবান দিলে উল্টো ইনফেকশনের ঝুঁকি বাড়ে।
ধাপ ৬ – ত্বক ভালোভাবে শুকিয়ে নেওয়া
- ডায়পারের ভেতরের ভেজা ভাবই র্যাশের মূল কারণ। তাই নতুন ডায়পার পরানোর আগে একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে আলতোভাবে চেপে চেপে পানি শুকিয়ে নিন। সম্ভব হলে নতুন ডায়পার পরানোর আগে ১–২ মিনিট খোলা রাখুন।
- প্রয়োজনে নতুন ডায়পার পরানোর আগে শুধু বাইরের অংশে র্যাশ ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। তবে ভিতরের অংশে কখনোই পাউডার বা তেল ব্যবহার করবেন না।
গোসলের সময় যত্ন
শুধু পানি (প্রথম চার সপ্তাহ): জন্মের পর প্রথম চার সপ্তাহ কোনো সাবান ছাড়াই শুধু কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট। গোসলের পানিতে স্যাভলন, বাবল বাথ, বডি ওয়াশ বা বড়দের সাবান কোনোভাবেই ব্যবহার করবেন না।
বেবি ওয়াশ (একমাস বয়সের পর): একমাস বয়সের পর প্রয়োজনে মৃদু, এবং সুগন্ধিহীন বেবি ওয়াশ কেবল যৌনাঙ্গের বাইরের অংশে ব্যবহার করতে পারেন।
ধোয়ার নিয়ম: গোসলের সময়ও পানি দিয়ে সবসময় সামনে থেকে পেছনের দিকে ধুতে হবে। গোসলের পর নরম সুতি কাপড় বা তোয়ালে দিয়ে আলতো করে চেপে চেপে পানি শুকিয়ে নিন।
মেয়ে শিশুদের যৌনাঙ্গের সাধারণ সমস্যা ও করনীয়
নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরও শিশুদের কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে। তা হলো-
১. ল্যাবিয়াল অ্যাডহিশন (Labial Adhesion)
কখনও কখনও যোনির ভেতরের ঠোঁট দুটি (ল্যাবিয়া মিনোরা) একে অপরের সঙ্গে লেগে যেতে পারে। এতে যোনির মুখের ওপর পাতলা সাদা বা ফ্যাকাশে একটি পর্দার মতো স্তর দেখা যায়। এটি কখনোই জোর করে বা টেনে লেগে থাকা অংশ আলাদা করার চেষ্টা করবেন না।
এটি সাধারণত ব্যথাহীন এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে যদি যোনির মুখ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বা শিশুর প্রস্রাব করতে কষ্ট হয় বলে মনে হয়, তাহলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
২. ডায়াপার র্যাশ
এতে নিতম্ব, উরু এবং যৌনাঙ্গের চারপাশের ত্বক লাল ও জ্বালাপোড়াযুক্ত হয়ে থাকে। সাধারণত দীর্ঘ সময় ভেজা বা মলযুক্ত ডায়াপার পরে থাকলে, টাইট ডায়পার পরলে বা কোনো ডায়াপার বা ওয়াইপসের প্রতি সংবেদনশীলতা থাকলে এটি হতে পারে।
ডায়াপার ঘন ঘন পরিবর্তন করবেন এবং জিঙ্ক অক্সাইড বা পেট্রোলিয়াম জেলি সমৃদ্ধ ব্যারিয়ার ক্রিম ব্যবহার করতে পারেন।
৩. মূত্রনালির সংক্রমণ (UTI)
মল থেকে জীবাণু মূত্রনালিতে প্রবেশ করলে এটি হয়। এটি ডায়াপার র্যাশের মতো সাধারণ না হলেও দ্রুত চিকিৎসা প্রয়োজন।
কখন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?
নিচের যেকোনো একটি লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যান:
দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত রক্তপাত: জন্মের পর প্রথম দুই সপ্তাহের বেশি সময় ধরে রক্তপাত চলতে থাকলে বা কয়েক ফোঁটা না হয়ে বেশি পরিমাণে দেখা গেলে।
দুর্গন্ধযুক্ত বা রঙিন স্রাব: যৌনাঙ্গ থেকে বের হওয়া স্রাব যদি হলদে বা সবুজ রঙের হয় এবং তা থেকে দুর্গন্ধ আসে। এটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের লক্ষণ হতে পারে।
প্রস্রাবে ইনফেকশনের (UTI) লক্ষণ: কোনো কারণ ছাড়াই হঠাৎ জ্বর আসা, প্রস্রাব করার সময় ব্যথায় চিৎকার করে কেঁদে ওঠা, প্রস্রাবে তীব্র দুর্গন্ধ হওয়া কিংবা রঙ ঘোলাটে হওয়া।
তীব্র ডায়পার র্যাশ: যৌনাঙ্গের চারপাশে তীব্র লালচে ভাব, ফোসকা, বা এমন ডায়াপার র্যাশ হলে যা থেকে রক্ত বা তরল বের হয়, অথবা কয়েক দিনের যত্নের পরও ভালো না হয়।
আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যাওয়া: যৌনাঙ্গের আশেপাশে কোনো ধরনের আঘাতের চিহ্ন, ক্ষত কিংবা কোনো অস্বাভাবিক মাংসপিণ্ড দেখা দিলে।
মনে রাখবেন, কোনো কিছু নিয়ে সন্দেহ বা দুশ্চিন্তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। সময়মতো চিকিৎসা নিলে ছোট সমস্যাও বড় আকার ধারণ করার আগেই সমাধান করা যায়।